প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম (ভিজিট : ৯৯)

X
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা নাসিম হিযাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা মোজাম্মেল হক, আবদুল্লাহ মো. মাসুম, মামুন মজুমদার ও জাহিদ তালুকদার। বক্তারা বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে ছাত্রনেতা কামরুল হাসান নিহতের আত্মার মাগফিরাত ও ন্যায়বিচার প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।