প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ এএম (ভিজিট : ১২৭)

X
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে বাংপাই ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই কালাম মজুমদার মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাসন্ডা ব্যাডমিন্টন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংপাই ব্যাডমিন্টন একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
এর আগে ফাইনাল খেলা শুরুর পূর্বে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বাংপাই ক্রীড়া চক্রের আয়োজনে গত সোমবার (১৫ ডিসেম্বর) চারটি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টটি শুরু হয়।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব নেতা মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং কাতারপ্রবাসী মো: হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে বি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বাহাদুর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম, ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর সাহেদ, ৪ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মিজান ভূঁইয়া, স্বপন ব্যাপারী, একরামুল হক মজুমদার, আরমান মজুমদার, বেলাল হোসেন, ফখরুল আলম টিপু প্রমুখ।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।