প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম (ভিজিট : ৫৯)

X
কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৃষ্টি-প্রতিবন্ধী জোছনা আক্তারসহ ৬ পরিবারের ৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হেলাল উদ্দিন।
শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়ঘোপ এলাকার ১নং ওয়ার্ডের এ ঘটনা ঘটেছে।
আগুনে উত্তর বড়ঘোপ এলাকার প্রতিবন্ধী জোছনা আক্তার, আরিফুর রহমান, জসিম উদ্দিন, রিজিয়া বেগম, দেলোয়ার হোসেন ও বেলাল উদ্দিনের বসতবাড়ি পুুড়ে যায়।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়নি।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন। রবিবার এসব ক্ষতিগ্রস্তদের বসতঘর তৈরীর জন্য নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হবে।
অন্যদিকে, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে শুকনা খাবার প্রদান করেছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।