প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম (ভিজিট : ১১৯)

X
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় উপসনালয়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা, আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের পক্ষ হতে আসন্ন শুভ বড়দিন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। পবিত্র বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ তৎপর।
বড়দিনের আনুষ্ঠানিকতা চলাকালীন কোথাও কোন বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার আহবান জানিয়ে তিনি বলেন, শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষে সকলের সহযোগিতার প্রয়োজন। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কাউকেই ছাড় দেয়া হবে না।