প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ পিএম (ভিজিট : ৭৪)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তারা সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং ভোটের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
এদিকে, একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি এ এম এন নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা বিষয়ক একটি বিশেষ পরিপত্র জারি করে নির্বাচন কমিশন।