প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম আপডেট: ২১.১২.২০২৫ ১:০৫ পিএম (ভিজিট : ৪২)

X
পবনার ঈশ্বরদীতে উদ্বেগহারে বৃদ্ধি পেয়েছে চুরি। বসতবাড়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানে গত ২ দিনের ব্যবধানে ২ টি মার্কেটের বেশ কয়েকটি দোকান এবং পুলিশ কর্মকর্তার বসত বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠা বেড়েছে উপজেলা জুড়ে।
চুরি হওয়ার খবর গুলো থেকে জানা যায়, গত প্রায় সপ্তাহ খানেক আগে উপজেলার জয়নগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইন্টারন্যাশনাল এর দ্বিতীয় তলা থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার বৈদ্যতিক ক্যাবল চুরি করে নেয় একটি চোর চক্র। এরপর বৃহস্পতিবার ( ১৮ই ডিসেম্বর ) দিবাগত রাতে ঈশ্বরদী পৌষ্ট অফিস মোড়স্থ আধুনিক নিরাপত্তা বলয় বেষ্ঠিত আর আর পি সপিং কমপ্লেক্সের ৪র্থ তলার একটি মোবাইলের দোকানের তালা ভেঙ্গে প্রায় ১০ লক্ষ টাকার মোবাইল নিয়ে গেছে চোর চক্র।
ঐ একই রাতে শহরের বাজারে খন্দকার শফি মার্কেটের ৭ টি দোকানের সার্টার ভেঙ্গে দোকানে থাকা সকল মালামাল নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরের দল।
এর পরেরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শেরশাহ রোডস্থ হান্নানের মোড় এলাকা থেকে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক এস আই শরিফুজ্জামানের ভাড়া বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী উপ-পরিদর্শক শরিফুজ্জামান জানান, শুক্রবার তার স্ত্রী অন্যত্র থাকায় এবং তিনি পেশাগত দ্বায়িত্ব পালনের জন্য বাসার বাইরে থাকার সুবাদে ঘটনার সময় বাসা ছিল তালাবদ্ধ। এরপর রাত ৮ টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলেও ঘরের ভেতরে ঢুকতে নো পেরে পাশের ভবনের নিরাপত্তা রক্ষির সাহায্য নেন। পরে নিরাপত্তারক্ষী জানালা দিয়ে একটি লাঠির সাহায্যে ভেতর থেকে আটকানো দরজাটি খুলে দেন। ভেতরে ঢুকেই দেখতে পান ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমিরা খোলা অবস্থায় রয়েছে। সবকক্ষ ভালো করে তল্লাশী শেষে দেখতে পান রান্নাঘরের এক্সিট ফ্যান ভেঙ্গে বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা।
এ সময় বাসার ওয়ারড্রব ও আলমিরা থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রূপা, একটি ডাইমন্ডের নাকফুল, নগদ দুই লাখ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় ৬ লাখ টাকা খোয়া গেছে বলে তিনি জানান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, গত কয়েক দিনের চুরির ঘটনায় আমরা বিব্রত। তবে আসামীদের আটকের জোর প্রচেষ্টা চলছে। আমরা দ্রুতই চোর চক্রকে গ্রেফতার করতে সক্ষম হব।