প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম (ভিজিট : ২৯২)

X
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় বাসে শ্রমিক তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি কারখানার শ্রমিকরা। রোববার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা প্রতিদিনের মতো সকাল আটটায় কারখানায় উপস্থিত হলেও কাজে যোগদান না করে সকাল সাড়ে আটটার দিকে মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সৌখিন পরিবহনের চালকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এসময় প্রায় ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকে। পরে সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রেখে অন্য যানবাহন ছেড়ে দেয় শ্রমিকরা।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।