প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম আপডেট: ২১.১২.২০২৫ ৩:৪৫ পিএম (ভিজিট : ৬২)

X
বগুড়া-৬ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার রাজনীতিতে নতুন গতি ও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়ার সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
মনোনয়ন ফর্ম সংগ্রহকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম উত্তোলনের পর বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ ও একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি এখন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ সেই আন্দোলনেরই একটি রাজনৈতিক ঘোষণা।
তারা আরও বলেন, শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তারেক রহমানই এদেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের একমাত্র ভরসা।
নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের রায়ে তারেক রহমানের বিজয়ের মাধ্যমে বগুড়া-৬ আসন থেকে গণতন্ত্রের পক্ষে শক্তিশালী বার্তা যাবে সারাদেশে।