পটুয়াখালীর বাউফলে অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাফসার পিতা আমিন খান এবং মাতা জেবিনা আক্তার। তাদের গ্রামের বাড়ি বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে।
হাফসা তার নানার বাড়িতে থাকত। তার নানা জলিল হাওলাদারের বাড়ি কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে, স্লোব হাসপাতালের সামনে অবস্থিত।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে হাফসা বাড়ির সামনের রাস্তায় বের হলে দ্রুতগতিতে আসা একটি ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন ওই সময় মীম ব্রিকস ফিল্ডের একটি ট্রলির চালক রফিক ও রিফাদ নামের দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসার মৃত্যু হয়েছে, সেটিও মীম ব্রিকসের মালামাল পরিবহন করছিল।
খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।