প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম (ভিজিট : ৯০)

X
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে টানা দুই দিন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট তিন লাখ টাকা জরিমানা আদায় ও একটি ভেকু জব্দ করেছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার পন্নারা, বানুশ্বর ও কনকাপৈত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগের দিন শনিবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম এলাকায় পৃথক অভিযানে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে জমির মালিক শাহনেওয়াজকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, চলতি সময়ে মাটি ব্যবসায়ীরা দিনে নয়, রাতের আঁধারে ভেকু ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি কেটে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে পার্শ্ববর্তী ইটভাটায় সরবরাহ করছে। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”