প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১ পিএম (ভিজিট : ১২৬)

X
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থি ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে, সেটি প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।
আজ রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। তাকে সংখ্যালঘু নাগরিক হিসেবে উত্থাপন করা হয়েছে, যা একদমই ঠিক না। এখন পর্যন্ত ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করে ঢাকা। শুধু কিছু লোক এসেছে, হুমকি দিয়েছে, তা নয়। দুজন গার্ড ছিল, তারা দাঁড়িয়ে ছিল। বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তাব্যবস্থা আরও বাড়াবে দিল্লি।
এর আগে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ বিষয় তুলে ধরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।’
বাংলাদেশের হাইকমিশনে হামলা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ঘটনাটি নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। প্রকৃতপক্ষে গতকাল শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০-২৫ জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশে সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি তোলে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ওই দলকে ছত্রভঙ্গ করে দেয়।