প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম (ভিজিট : ৬০)

X
ময়মনসিংহে দিপু দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও পরবর্তীতে মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে পাবনা জেলা সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হলেও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না থাকায় এবং নিহত দিপু দাসের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার পাশাপাশি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় পাবনা শহরের জয়কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট চত্বর ঘুরে পাবনা প্রেসক্লাব মোড়ে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দিপু দাস হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো মানবতাকেই লাঞ্ছিত করেছে। দীর্ঘ সময় ধরে নির্যাতন চললেও প্রশাসনের নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট পাবনা জেলার প্রতিনিধি অ্যাডভোকেট মলয় দাস রায়, উপস্থিত ছিলেন পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দীপঙ্কর সরকার জিতু, গৌরাঙ্গ মজুমদার, সোমনাথ বাগচী, শুভ মজুমদার, সৌরভ রায়, রাম প্রসাদ সরকার, অ্যাডভোকেট শিশির কুমার সরকার, ভাস্কর চক্রবর্তী, সঞ্জয় সাহা, সঞ্জয় বসাক, সজীব সাহা ও প্রলয় অধিকারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে দিপু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও ফাঁসি কার্যকর এবং নিহতের পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।