খুলনার ৩৬ আসনে ৮৪২টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা অঞ্চলের ৩৬টি সংসদীয় আসনে মোট ৫ হাজার ১৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৪২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে

2025-12-22T10:18:57+00:00
2025-12-22T10:18:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার ৩৬ আসনে ৮৪২টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ এএম   (ভিজিট : ৯৯)
X

খুলনা অঞ্চলের ৩৬টি সংসদীয় আসনে মোট ৫ হাজার ১৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৪২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে খুলনা বিভাগের ১০ জেলার ৩৪টি আসনে রয়েছে ৭৬৩টি এবং খুলনা মহানগরীর দুটি আসনে রয়েছে ৭৯টি অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও ১ হাজার ৮৫১টি ভোটকেন্দ্র। প্রতিটি থানা থেকে সন্ত্রাসপ্রবণ এলাকা চিহ্নিত করে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খুলনা বিভাগের ১০ জেলায় ৩৪টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪ হাজার ৮২৪টি। এর মধ্যে ৭৬৩টি অধিক ঝুঁকিপূর্ণ, ১ হাজার ৭২৩টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) এবং ২ হাজার ৩৩৮টি সাধারণ ভোটকেন্দ্র।

জেলা ভিত্তিক হিসাবে খুলনা জেলায় ৪টি আসনে ১৩৫টি, যশোরে ১৮৬টি, বাগেরহাটে ১৮৬টি, সাতক্ষীরায় ৫৯টি, ঝিনাইদহে ৩৩টি, মাগুরায় ৫৫টি, নড়াইলে ৪২টি, কুষ্টিয়ায় ৯৯টি, চুয়াডাঙ্গায় ৫৭টি এবং মেহেরপুরে ২৭টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (অপারেশনস) শেখ জয়নুদ্দিন বলেন, স্থানীয় থানা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোটকেন্দ্রগুলোকে তিনটি ক্যাটাগরিতে—অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—বিভক্ত করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। এ লক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য ২৮টি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২০টি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি ৮টি শিগগিরই শেষ হবে।

খুলনা মহানগরের দুটি আসনে ৬৭ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

খুলনা সিটি করপোরেশন এলাকায় অবস্থিত খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা) ও খুলনা-৩ (খালিশপুর–দৌলতপুর–খানজাহান আলী–আড়ংঘাটা) আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩০৯টি। এর মধ্যে ৭৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ১২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, এই দুই আসনের প্রায় ৬৭ শতাংশ ভোটকেন্দ্রেই ঝুঁকি দেখছে পুলিশ।

সূত্র জানায়, খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৮৪০টি। এর মধ্যে মহানগরীর ভেতরে রয়েছে ৩০৯টি কেন্দ্র। খুলনা-২ ও খুলনা-৩ আসনের সব কেন্দ্র মহানগর এলাকায় অবস্থিত। এ ছাড়া খুলনা-১ আসনের ১৫টি এবং খুলনা-৫ আসনের ২২টি কেন্দ্র নগরীর সীমানার মধ্যে পড়েছে। এসব এলাকায় সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় মহানগরীর কেন্দ্রগুলোর ঝুঁকি আগেভাগেই পর্যালোচনা করা হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে মহানগর এলাকার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে ঝুঁকি মূল্যায়নের জন্য থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়। মহানগর পুলিশের আটটি থানার ওসি গত মাসে তাদের প্রতিবেদন জমা দেন।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) তম রোকনুজ্জামান জানান, কোনো কেন্দ্রে অতীতে গোলযোগ বা ভোট গ্রহণ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে কি না, কেন্দ্রটি প্রভাবশালী ব্যক্তির বাড়ির আশপাশে কি না, দুর্গম এলাকা কি না, সীমানা প্রাচীর ও যাতায়াত সুবিধা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিয়ে ঝুঁকির তালিকা তৈরি করা হয়েছে।

খুলনা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ বলেন, নির্বাচনকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। দুশ্চিন্তার কিছু নেই।

খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ভোটকেন্দ্র ও ভোটের পরিবেশ নিয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কয়েক মাস আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তা এখনও চলমান রয়েছে। গোলযোগ প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে তাদের বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, খুলনার ১৪১টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে নিজস্ব সিসিটিভি ক্যামেরা রয়েছে। নির্বাচনের আগে বাকি কেন্দ্রগুলোতেও ক্যামেরা স্থাপন করা হবে। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছেও বডি ক্যামেরা থাকবে।




  বিষয়:   খুলনা  ভোটকেন্দ্র 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy