প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ পিএম (ভিজিট : ১৬৬)

X
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা গ্রামে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলার ৪টি ইউনিয়ন থেকে মোট ২৫ জন যুব অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষিপ্রতিবেশবিদ্যার মৌলিক ধারণা, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চা, জলবায়ু ন্যায্যতা এবং খাদ্য সার্বভৌমত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের প্রতিনিধি গুঞ্জন রেমা, আল্পনা নাফাক ও মুন্না রংদী। তারা আলোচনায় বলেন, স্থানীয় জ্ঞান ও প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় জনগণের অধিকার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে নতুন ধারণা লাভ করেছেন। তারা এসব জ্ঞান নিজ নিজ এলাকায় প্রয়োগ ও প্রচারের মাধ্যমে টেকসই কৃষি চর্চার পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।