
X
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে আজ সকাল ১১টা ৩০ মিনিটে পিরোজপুর জেলা প্রশাসকের সঙ্গে নেছারাবাদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মতবিনিময় সভায় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগের সঙ্গে উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জয়, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, এএসপি সার্কেল সাবিহা মেহেবুবা, নেছারাবাদ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল-আরাফ এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আবু সাঈদ বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ সরকার আমাকে পিরোজপুর জেলার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি আমার সর্বোচ্চ ত্যাগ, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাবো।” তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি বর্তমানে সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে জেলা প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।
মাদক নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শুধু প্রশাসনের পক্ষে একা মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
তিনি মাদকবিরোধী আন্দোলনে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”
তিনি জানান, পিরোজপুর জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়।
মতবিনিময় সভা শেষে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।