প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:১১ পিএম (ভিজিট : ১৫০)

X
তন্বী ও মিরাজ দম্পতির বাসায় পূর্বপরিকল্পিতভাবে জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করা হয়, যা স্পষ্টতই একটি পরিকল্পিত হত্যাচেষ্টার ইঙ্গিত দেয়। এমন অভিযোগ করেছেন জাতীয় শ্রমিক শক্তি এবং পরিবার।
আজ সোমবার রাত ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত জাতীয় শ্রমিক শক্তি খুলনা জেলা কমিটি এবং পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার বলেন, তন্বীকে গ্রেপ্তার করতে পারলেই আসল সত্য বেরিয়ে আসবে।
জাতীয় শ্রমিক শক্তি খুলনা জেলা কমিটির আহবায়ক মোঃ আশরাফুজ্জামান ঘটনার রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ ও প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তদন্তে যদি প্রমাণিত হয় যে মোতালেব শিকদার কোনো অনৈতিক কর্মকাণ্ড বা সংগঠনের শৃঙ্খলাবিরোধী আচরণে জড়িত ছিলেন, তবে সংগঠনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, একই সঙ্গে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পুলিশের পক্ষ থেকে ভিক্টিম ব্লেমিংয়ের আশ্রয় নিয়ে দায়সারা বক্তব্য প্রদান করা হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা ও নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে মূল অপরাধকে আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে মোতালেবের মা রাবেয়া বেগম, জাতীয় শ্রমিক শক্তি মহানগর নেতা মিরাজ উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, তানিয়া তন্বী জাতীয় শ্রমিক শক্তির নেত্রী ছিলেন। তবে কোন পদে আছেন তা তিনি বলতে পারেননি।