আর ফেরা হলো না ছোট্ট আলিফার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দুপুরের ভাত তখনও চুলায়। রান্না শেষ না হওয়ায় মা নাসিমা ছোট্ট মেয়েকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে প্লাস্টিকের বস্তা

2025-12-23T11:06:34+00:00
2025-12-23T11:06:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর ফেরা হলো না ছোট্ট আলিফার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ এএম   (ভিজিট : ৭৫)
X

দুপুরের ভাত তখনও চুলায়। রান্না শেষ না হওয়ায় মা নাসিমা ছোট্ট মেয়েকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে প্লাস্টিকের বস্তা হাতে পাঠিয়েছিলেন পাশের বাসায়। কিন্তু সেই ভাত আর খাওয়া হয়নি ১৩ বছর বয়সী আলিফার। গরম ভাত নিয়ে অপেক্ষায় থাকা মা আর কখনোই ফিরে পাননি তার শিশু কন্যাকে।

পরদিন সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় পাশের একটি বাড়ির দরজার সামনে উদ্ধার করা হয় পঞ্চম শ্রেণির ছাত্রী মোসা. আলিফার মরদেহ। পাশে পড়ে ছিল সেই প্লাস্টিকের বস্তাটিও।

নিহত আলিফা স্থানীয় রিকশাচালক মো. আলী ও গৃহকর্মী নাসিমা দম্পতির বড় মেয়ে। পরিবারটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়াবাসায় বসবাস করছে। তাদের আরও একটি ৮ বছর বয়সী কন্যা রয়েছে।

শোকাহত মা নাসিমা কাঁদতে কাঁদতে বলেন, “আমার নাবালক মাইয়াডা দুপুরে ভাত খায় নাই। আমি মানুষের বাসায় থালাবাসন ধুইয়া ওকে বড় করছি। যে আমার মাইয়াডারে মারছে, তার ফাঁসি চাই।”

শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয় আলিফা। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি ও মসজিদে মাইকিং করেও তার সন্ধান মেলেনি বলে জানান বাবা মো. আলী।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে শিশুটির মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ও অন্যান্য আলামত দেখে মৃত্যুর আগে যৌন নিপীড়নের আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, শিশুটির গাল ও গলায় নখের আঁচড়ের মতো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধর্ষণ বা যৌন নিপীড়নের বিষয়ে পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশের পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের অবাধ বিচরণ রয়েছে।

ঘটনার পর একটি বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভালো ফলাফলের অপেক্ষায় থাকা আলিফার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল আগামী ৩০ ডিসেম্বর। তার এমন মর্মান্তিক মৃত্যু শিক্ষক ও সহপাঠীদেরও শোকাহত করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy