প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৪ পিএম (ভিজিট : ৬১)

X
ঢাকার কেরানীগঞ্জে একটি ব্যস্ত সড়ক ধ্বসে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, জোড়া ব্রিজ সংলগ্ন মূল সড়কের পাশে গভীর ও প্রশস্ত একটি গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে গর্তটির সৃষ্টি হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কারকাজ না হওয়ায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ব্যস্ত সড়কের ওপর এ গর্তের কারণে পথচারী, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দা শিপন উদ্দিন ও খালেদ মাহমুদ জানান, দ্রুত সড়কটি মেরামত না করা হলে বড় ধরনের ধসের আশঙ্কা রয়েছে। এতে সড়কের একটি বড় অংশ ভেঙে পড়লে এই পথে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, যা পার্শ্ববর্তী এলাকাসহ স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হবে।এমন অবস্থায় এলাকাবাসী দ্রুত গর্তটি ভরাট করে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়কের পাশের গর্তটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি জানান, খুব দ্রুত স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।