প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ পিএম (ভিজিট : ১৭৫)

X
আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে নিখোঁজের দুইদিন পর একটি পুকুর থেকে কামদেব দাস (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর স্কুল হাটী গ্রামের অশ্বিনী দাসের পুত্র।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন লোক পুকুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত কামদেব দাসের বড় ভাই যুবরাজ দাস বলেন, একই এলাকার শংকর দাসের মেয়ের সাথে কামদেবের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গত রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের লোকজনের মধ্যে ঝামেলা বাঁধে। এরপর রবিবার রাত থেকেই নিখোঁজ ছিল কামদেব দাস।
তিনি আরো জানান, আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি এবং তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারটি বন্ধ পাই।
স্থানীয় ইউপি সদস্য শ্যামল দাস বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুরে মরদেহটি দেখতে পায়৷ পরে বিষয়টি থানায় অবগত করা হলে পুলিশ ঘঠণাস্থলে আসেন। শুনেছি তার একই এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে কি ঝামেলা ছিল।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।