বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও স্বাগতমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শহরের স্টেশন রোডে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমান কেবল একটি নাম নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জীবন্ত প্রতীক। মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে তাকে দীর্ঘদিন দেশ থেকে নির্বাসনে রাখা হয়েছিল। তবে আওয়ামী লীগ দেশের মানুষের মন থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারেনি।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানানোর জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি স্বাগতমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।