প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ এএম (ভিজিট : ৬৬)

X
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। জেলায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে, ফলে দ্রুত কমছে তাপমাত্রা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দ্রুত তাপমাত্রা কমে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে, ফলে যান চলাচলেও বিঘ্ন ঘটছে।