ঘন কুয়াশার কারণে বুধবার ভোর সোয়া ৬টা থেকে সকাল পৌনে ১১টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
জানা গেছে, ভোরবেলা থেকে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়ায় নৌপথে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। নৌ দুর্ঘটনা এড়াতে ও যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এর ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা তীব্র শীতে কুয়াশার মধ্যে ফেরি পারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে সকাল পৌনে ১১টায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে ধাপে ধাপে যানবাহন পারাপার করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা জানিয়েছেন।