প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৩ পিএম (ভিজিট : ৬২)

X
মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে আছুরিঘাট এলাকায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে। পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের জাবেদ আহমেদ (১৯) ও ভবানীপুর গ্রামের রিয়াদুল ইসলাম (১৯)। তারা দীর্ঘদিনের বন্ধু ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলটি কুলাউড়া অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় দু’জন ঘটনাস্থলেই মারা যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোর থেকে ঘন কুয়াশার কারণে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ ছিল এবং দুর্ঘটনার সময় উভয় যানবাহনের গতি তুলনামূলক বেশি ছিল।