প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম (ভিজিট : ৮০)

X
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়িয়ে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় দিপু চন্দ্র দাসের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। চেক গ্রহণ করেন নিহতের পিতা রবিলাল চন্দ্র দাস ও স্ত্রী মেঘনা রবিদাস।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন রবিশংকর আচার্য্য, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, রাসেল চৌধুরী, দুলাল চন্দ্র দাশ, সহ মহিলা সম্পাদিকা উষা আচার্য্য, চট্টগ্রাম মহানগর মহিলা সম্পাদিকা অশ্রু চৌধুরী, মোহাম্মদ মহসীন, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।
বিপ্লব দে পার্থ বলেন, “ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা নতুন ঘটনা নয়। অনেক নিরীহ মানুষ মিথ্যা অভিযোগে জেল খেটেছে। বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হোক। এছাড়া দিপুর স্ত্রী ও পিতাকে সরকারি চাকরি এবং তার ১৫ মাস বয়সী মেয়ের দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এ বিষয়ে কার্যকর ঘোষণা দিবেন।”
প্রকৌশলী আশুতোষ দাশ বলেন, “আমরা শোকাহত, হতাশ ও আতংকিত। কেন হিন্দুদের টার্গেট করে এ ধরনের ঘটনা বারবার ঘটছে তা গভীরভাবে তদন্ত করা উচিত। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এবং কোন অশান্তি চাই না। দিপু চন্দ্র দাসের হত্যাকারীরা যেন ছাড় না পায়, সে আহ্বান জানান।”