প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম (ভিজিট : ২৯৫)

X
দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী পরিবর্তন করেছে দলটির হাইকমান্ড।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত প্যাডে দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।
দলীয় সূত্র জানায়, পূর্ব ঘোষিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা গুরুতর অসুস্থ হয়ে দেশের বাইরে অবস্থান করায় হাইকমান্ড এ সিদ্ধান্ত নেয়।
এদিকে একই দিনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়ে শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান (রতন) নিজ নিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় নেতারা জানান, তিনটি আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ায় মুন্সীগঞ্জ জেলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেয়েছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন।
মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় থাকলে আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি আসনেই ভালো ফল অর্জন সম্ভব হবে।