প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম (ভিজিট : ৮৫)

X
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাত ও ভাসমান দোকানগুলোতে শিশু ও বড়দের শীতের পোশাকের ব্যাপক চাহিদা বেড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দোকানে জমজমাট কেনাবেচা চলছে।
এদিকে শীতের প্রকোপের সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ায় শিশু, কিশোর ও বয়স্ক মানুষজন সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত রোগে ভুগছেন।সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার কটিয়াদীর সাপ্তাহিক হাটবার উপলক্ষে কটিয়াদী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়ক, কটিয়াদী সরকারি কলেজের সামনে, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকসহ বাজারের বিভিন্ন স্থানে ভাসমান দোকানিরা শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। কেউ কেউ রিকশাভ্যানে করে কমদামি ও আমদানি করা পুরনো শীতের পোশাক অলিগলিতে ফেরি করছেন।
বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের সোয়েটার, মোটা কাপড়ের গেঞ্জি সেট, মাথার টুপি, হাত ও পায়ের মোজা, শিশুদের কম্বল, লেপ-কাঁথা, গলাবন্ধনী ও শাল।শীতের পোশাক কিনতে আসা আইরিন সুলতানা বলেন, শৈত্যপ্রবাহের কারণে শীতের কাপড় কিনতে বাজারে এসেছি। মোটা কাপড়ের গেঞ্জি সেট কিনব, যাতে শীতে কোনো সমস্যা না হয়।
কটিয়াদী বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা জানান, শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর থেকে শীতের কাপড়ের বিক্রি বেশ ভালো। শিশুদের পাশাপাশি বড়দের শীতের পোশাকও বিক্রি হচ্ছে। শীত আরও বাড়লে ভারী গরম কাপড়ের চাহিদা যেমন বাড়বে, তেমনি দামও কিছুটা বাড়তে পারে।
ফুটপাতের দোকানগুলোতে ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের গরম পোশাক পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে শিশুদের জিন্সের ফ্রক, স্কার্ট, উলের পোশাক, বেবি কিপার, রেকসিনের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান, মাফলার ও নতুন ডিজাইনের কানটুপি।