প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম (ভিজিট : ৪৩০)

X
হাতিয়ার চরকিং ও সুখচর ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীর জাগলারচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই দিন পর নিখোঁজ শামছুর ওরফে কোপা শামছুর মরদেহ খুঁজে পেয়েছে পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাগলার চরে কেউড়া বনের মধ্যে এই মরদেহ খুঁজে পায় তারা।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, সন্ধ্যার একটু আগে পরিবারের সদস্যরা শামছুর মরদেহ খোঁজে পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করে।
নিহত শামছুর বড় ছেলে ফখরুল ইসলাম জানান, কয়েক জন আত্মীয়কে নিয়ে তারা জাগলার চরে যায় তার বাবাকে খোঁজ করার জন্য। সারাদিন খোঁজ করে বিকেলে কেউড়া বনের মধ্যে তার বাবার মরদেহ দেখতে পায়। তবে মরদেহের অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিহত মোবারক হোসেন সিহাব এর চাচা ও নিহত শামছুর ভাই আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জাগলারচর দখলকে কেন্দ্র করে আলাউদ্দিন ও শামছু বাহিনীর মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া হাসপাতালে একজনের মৃত্যু হয়। এই ঘটনায় শামছু বাহিনীর প্রধান শামছু নিখোঁজ ছিল।