প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম (ভিজিট : ৬৪২)

X
বগুড়ার সোনাতলা উপজেলায় এক যুবলীগ নেতার স্ত্রী ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে যুবলীগ নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে তার স্ত্রী চায়না বেগম (৩৬) ও মেয়ে খাদিজা খাতুনের লাশ উদ্ধার করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, সংসারে দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও ঋণসংক্রান্ত চাপের কারণে পারিবারিক কলহ চলছিল। এর জেরে স্বামীর ওপর অভিমান করে বাড়িতে কেউ না থাকার সুযোগে মা ও মেয়ে তাদের বসতঘরের শয়নকক্ষে বাঁশের তীরের সঙ্গে একই লাইলনের দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত চায়না বেগমের বাবা তারাজুল ইসলাম দাবি করেছেন, তার মেয়ে ও নাতনীকে হত্যা করে পরে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন জামাই কামরুজ্জামান।
পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
ওসি কবির হোসেন আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।