শাহবাগে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে গণচাঁদা উত্তোলনকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া একজন সাধারণ সমর্থক আকিফ আব্দুল্লাহ মাত্র এক ঘণ্টায় প্রায় ১ লাখ ৫ হাজার ৮৫৩ টাকা চাঁদা সংগ্রহ করলে বিষয়টি আলোচনায় আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে আকিফ আব্দুল্লাহ অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সমর্থকদের আপ্যায়নের কথা উল্লেখ করে নিজের বিকাশ নম্বরে আর্থিক সহায়তা চান। এর পরপরই অল্প সময়ের ব্যবধানে বিপুল পরিমাণ অর্থ জমা পড়তে থাকে। তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ধারাবাহিকভাবে সংগ্রহিত অর্থের হিসাব প্রকাশ করেন।
চাঁদা সংগ্রহের এই পদ্ধতি নিয়ে ইনকিলাব মঞ্চের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “এভাবে বিকাশ বা নগদের মাধ্যমে গণচাঁদা উত্তোলন সঠিক নয় এবং ভবিষ্যতে এটি সমস্যা তৈরি করতে পারে। গণচাঁদা সংগ্রহে সুনির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা উচিত।”
এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হলে আকিফ আব্দুল্লাহ জানান, তিনি সংগ্রহিত অর্থের বিস্তারিত হিসাব পরদিন সকালে ইনকিলাব মঞ্চ সংশ্লিষ্ট মুখপাত্রের কাছে দাখিল করবেন। একই সঙ্গে তিনি নতুন করে কেউ যেন আর অর্থ সহায়তা না পাঠান সে অনুরোধও জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমি সংশ্লিষ্টদের কাছে হিসাব জমা দেব এবং সামাজিক মাধ্যমেও তা প্রকাশ করব, যাতে সবাই জানতে পারে অর্থ কীভাবে ব্যয় হবে।”
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, চাঁদা সংগ্রহের এ ধরনের উদ্যোগ পুনর্মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে অর্থ সংগ্রহ করা হবে। তারা বলেন, স্বচ্ছতা বজায় রেখে আন্দোলন পরিচালনার মাধ্যমে শহিদ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়া আরও জোরদার করা হবে।