প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ পিএম (ভিজিট : ৯১)

X
খুলনায় ভয়েস নেটওয়ার্কের আয়োজনে দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, অবৈধ অস্ত্র ও পেশিশক্তির ব্যবহার নিয়ন্ত্রণ না করা হলে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হতে পারে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা মহানগরীর শিল্পকলা একাডেমির থিয়েটার হলে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাসমূহের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যবেক্ষণ গড়ে তুলতে এই প্রশিক্ষণ ম্যানুয়াল অপরিহার্য। কর্মশালায় আনুষ্ঠানিকভাবে ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’ প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ ম্যানুয়াল’ উদ্বোধন করা হয়।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন আসনের প্রায় ৩০০ জন পর্যবেক্ষক কর্মশালায় অংশ নেন। সেখানে নির্বাচন পর্যবেক্ষণের নীতি, আইন-বিধি এবং হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ভয়েস নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সিইও এনায়েত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাহাবুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস নেটওয়ার্কের সদস্য সচিব ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েম।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং নির্বাচন বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম ও আবদুল্লাহ শাহীন।
বক্তারা বলেন, সংশ্লিষ্টরা তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে বাংলাদেশে দৃষ্টান্তমূলক নির্বাচন সম্ভব। নিরপেক্ষ পর্যবেক্ষকরা ভোটারদের আস্থা বৃদ্ধি করে এবং নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করে।