সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে পুনর্বিবেচনা করে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ডোমার ও ডিমলার সর্বস্তরের জনগণ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় এবং আগুনের কুণ্ডলী জ্বালিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে প্রতিবাদ জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব রইসুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপির সভাপতি ডি. আর. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন এবং দলের আদর্শে অবিচল রয়েছেন। তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ আসনে দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দিয়ে জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ঘোষণায় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পুনর্বিবেচনা করে ইঞ্জিনিয়ার তুহিনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নীলফামারী জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন দফায় দফায় আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।