প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম (ভিজিট : ১০৫)

X
চট্টগ্রামে জেঁকে বসেছে শীত। বয়ে যাওয়া কনকনে হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন। ভোর থেকেই চারদিক ধূসর। চট্টগ্রাম যেন কুয়াশার চাদরে মোড়া এক শহর। আকাশে সূর্যের দেখা মিলছে বেশ দেরিতে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। গ্রামীণ জনপদে শীত অনুভূত হচ্ছে আরও বেশি। অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, চট্টগ্রামে আগামী কয়েক দিন সকাল ও রাতের দিকে কুয়াশা ও শীতের তীব্রতা বজায় থাকতে পারে।
সকালে ঘুম ভাঙতেই অনেকেই টের পাচ্ছেন শীতের তীব্রতা। ঘর থেকে বের হওয়ার সময় ভরসা করতে হচ্ছে গরম কাপড়ের ওপর। রাস্তায় নেমে দেখা যাচ্ছে, কুয়াশায় ঝাপসা দূরের ভবন, গাছপালা। কুয়াশার কারণে ভোরের দিকে যানবাহন চলাচলে ছিল ধীরগতি। মানুষের মুখে মুখে শীতের ভোগান্তির আলাপ।
নগরের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া মানুষের কষ্ট যেন আরও স্পষ্ট। ভাসমান শ্রমিক, পথশিশু ও দিনমজুরেরা শীতের সঙ্গে লড়াই করছেন খোলা আকাশের নিচে। কেউ জড়ো হয়েছেন আগুন জ্বালিয়ে, কেউ আবার পুরোনো কম্বলের ভেতর গুটিসুটি মেরে বসে আছেন। শীত তাঁদের কাছে যেন শুধু ঋতু নয়, প্রতিদিনের সংগ্রাম।
শহরের বাসিন্দাদের অনেকেই বলছেন, এ বছর শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। আগের দিনের তুলনায় শনিবারের কুয়াশা বেশি ঘন। দেরিতে সূর্যের আলোর দেখা মিললেও তিব্রতা না থাকায় ঠান্ডা যেন গায়ে আরও বেশি লাগছে।
আবহাওয়া অধিদপ্তর শীতের প্রভাব বাড়ার কারণ হিসেবে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কথা বলছে । তাদের তথ্য মতে, এ বলয়ের প্রভাবে দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ বলয়ের বর্ধিতাংশ এখন পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল বলেন, উত্তরবঙ্গে চেয়ে চট্টগ্রাম অঞ্চলে শীতের প্রভাব কম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ঘন কুয়াশার প্রবণতা দেখা যাচ্ছে। বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি, বাতাসের গতিপথে পরিবর্তন ও উত্তর দিকের শীতল বায়ুর প্রবাহ একসঙ্গে কাজ করায় এ কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা পরিস্থিতি তৈরি হচ্ছে। সূর্যের আলো বাধাগ্রস্ত হওয়ায় দিনের বেলাতেও শীতের অনুভূতি থেকে যাচ্ছে। এ ধরনের আবহাওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলছে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের ওপর। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এটি ভোগান্তি তৈরি করতে পারে।