প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম (ভিজিট : ৭৩)

X
নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে থাকা শীতে জুবুথুবু ছিন্নমূল মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা ও সংবাদকর্মীবৃন্দ।
উল্লেখ্য, বর্তমানে বেশ ক’দিন থেকে ঘন-কুয়াশা, কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে পুরো নীলফামারী জেলার জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেঁটে খাওয়া মানুষজন ঠান্ডার কারণে কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের শীত নিবারণে পুরনো গরম কাপড়ের দোকানগুলো একমাত্র ভরষাস্থল হলেও সেসব দোকানে আকাশচুন্বি দামের কারণে তাও তারা কিনতে পারছেন না।
বর্তমানে এই কনকনে শীতে শিশু ও বয়স্ক মানুষজন শীতজনিত নানারোগে আক্রান্ত হওয়ায় হাসপাতাল ও ডাক্তারদের প্রাইভেট চেম্বারে রোগীদের ভিড় লেগেই রয়েছে। তাই, এলাকার সচেতন মহল মত পোষন করেছেন যে, যদিও সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে কিন্তু তা’ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যেরকম ঠান্ডা বাড়ছে তাতে করে সরকারি, বেসরকারি পর্যায়সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে এখনই ঠান্ডা থেকে এসব মানুষকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।