প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম (ভিজিট : ৬০)

X
গাজীপুরে যৌতুকের দাবিতে এবং পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামী জামাল হোসেন ওরফে দুলুকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১ ও র্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে কুড়িগ্রামের রাজারজাট থানার রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
শনিবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেপ্তার জালাল হোসেন ওরফে দুলু কুড়িগ্রামের উলিপুর থানার বসুনিয়াপাড়া এলাকার আ. আজিজের ছেলে।
র্যাব জানায়, জালাল তার স্ত্রী মাস্তুরা আক্তার সুমাকে (২৮) নিয়ে গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকার রমিজ উদ্দিনের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে যৌতুকের দাবিসহ পারিবারিক কলহের জের ধরে সুমাকে শ্বাসরোধে হত্যা করে। পরে জালাল মৃতদেহটি তাহাদের ভাড়টিয়া রুমে তালাবদ্ধ অবস্থায় রেখে তার শ্বশুড়কে ফোন দিয়ে হত্যার বিষয়ে অবগত করে। পরে বাসন থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা মো. মিরাজুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় মামলা করেন।
র্যাব কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান সনাক্ত করে র্যাব-১ ও র্যাব-১৩ শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে কুড়িগ্রামের রাজারজাট থানার রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।