প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম (ভিজিট : ২৪১)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর নিকট আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
এর আগে, গত ১৭ ডিসেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্রটি তিনি সংগ্রহ করেছিলেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব এবং রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।
এছাড়াও নির্বাচন অফিসের বাইরে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে বাইরে অপেক্ষমাণ উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, "নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসার মাধ্যমে মানুষের ভোট ও দোয়া চাইতে হবে।"