প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ এএম আপডেট: ২৯.১২.২০২৫ ১২:২০ পিএম (ভিজিট : ৫৪১)

X
ময়মনসিংহের ভালুকা উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে সন্ধা হতে গভীর রাত পর্যন্ত অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন।
গত কয়েকদিন ধরে অব্যাহত ভাবে দিনের কর্মসুচী শেষ করে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের হাতে ব্যক্তিগতভাবে কম্বল পৌঁছে দেন তিনি। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে হঠাৎ করেই এই মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নামেন ইউএনও মোঃ ফিরোজ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ইউএনও মোঃ ফিরোজ হোসেন উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে অবস্থানরত ছিন্নমূল মানুষ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ঘরে থাকা দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ ব্যপারে ইউএনও মোঃ ফিরোজ হোসেন বলেন, ‘প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল নিয়ে সন্ধা হতে গভীর রাত পর্যন্ত ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।’
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।
ইউএনওর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।