প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম (ভিজিট : ৮৪)

X
ঘন কুঁয়াশা ও হিমেল হাওয়ায় গাইবান্ধায় শীতের তীব্রতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ বছর পৌষের শুরুতেই প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাঁচদিন ধরে জেলায় টানা সূর্যের দেখা মিলছে না।
সোমবার সকাল থেকে গাইবান্ধা শহরসহ জেলার প্রত্যন্ত এলাকাগুলো ঘন কুঁয়াশার চাদরে ঢাকা ছিল। পাঁচদিনেও সূর্যের আলো না পাওয়ায় নিম্ন আয়ের কর্মজীবী মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। কৃষকরা ফসলের মাঠে ক্ষেত প্রস্তুত করতে নাকাল হয়ে পড়েছেন। নিম্ন আয়ের মানুষজন শীত নিবারণে পুরনো শীতবস্ত্র কিনছেন, অনেকে আবার খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণ করছে।
শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায়, তীব্র শীত ও কুয়াশার মধ্যেও জীবিকার তাগিদে একাধিক গরম কাপড় গায়ে জড়িয়ে কাজে নেমেছেন শ্রমজীবী মানুষ। স্বাভাবিক দিনের তুলনায় জনসমাগম কম থাকায় রিকশাচালকসহ অনেক কর্মজীবী মানুষকে শীতের কাপড় জড়িয়ে বসে থাকতে দেখা গেছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সূর্যের দেখা না থাকায় কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীরগতিতে, ফলে যানজট বাড়ছে।
শ্রমজীবী মানুষেরা জানান, কুয়াশার কারণে শহরে লোকজন কম, যাত্রীও মিলছে না। শীতের জন্য যাত্রী না থাকায় ভাড়া কমে গেছে। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন ঘর ছেড়ে বের হতে হচ্ছে। এদিকে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের বেচাকেনা বেড়েছে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, জেলার সাত উপজেলার মাঠে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মৌসুমি ফসল এবং বোরো ধানের বীজতলা রয়েছে। মৃদু শৈত্য প্রবাহের কারণে জেলায় রবি শস্য, বোরো ধানের বীজতলা এবং মৌ খামারিদের মধু সংগ্রহে বিরূপ প্রভাব পড়তে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, শীত ও ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে কৃষকদের ফসল সুরক্ষায় আগাম সতর্কতা ও করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।