প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম (ভিজিট : ৪১)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে তিনি এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমান উল্লাহ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেলে গণতন্ত্র স্বাভাবিক ধারায় ফিরে আসবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অতীতে একাধিকবার ঢাকা-২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এলাকাটির উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে যে অগ্রগতি হয়েছে, তা জনগণের সহযোগিতায় সম্ভব হয়েছে। আগামী দিনেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে ঢাকা-২ আসনের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদসহ সব রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে আমান উল্লাহ আমান আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নিজেদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করতে সক্ষম হবে।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।