প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম (ভিজিট : ৩২)

X
শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন ছাত্রজনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে বিকালে শেষ হলেও, যা আজ সোমবারও চলমান রয়েছে।
সোমবার দুপুরের পর আন্দোলনকারীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে মহাসড়কে অবস্থান নেন এবং সেখানে বসেই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। আন্দোলনস্থলে শোনা যায়—
“গোলামি না আজাদী, উই ওয়ান জাস্টিস”।
টানা সড়ক অবরোধের ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পথচারীরা।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা মোতায়েন রয়েছেন। হাউজবিল্ডিং ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. হাবিব জানান, ছাত্রজনতার অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক বিভাগ কাজ করছে।
এদিকে উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক জানান, রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অবরোধ ছিল। সোমবার দুপুর ১২টার পর থেকে আবারও অবরোধ শুরু হয়, যা এখনো চলমান রয়েছে।
তিনি আরও জানান, ময়মনসিংহ থেকে ঢাকামুখী (ইনকামিং) যান চলাচল চালু থাকলেও ঢাকা থেকে ময়মনসিংহগামী (আউটগোয়িং) যান চলাচল বন্ধ রয়েছে। যানজট নিরসনে গাড়িগুলো বিকল্প সড়কে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সড়ক ছাড়েননি।