প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম (ভিজিট : ৮৪)

X
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ছয়টি আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সোমবার ২৯ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
কনকনে শীতকে উপেক্ষা করে সকাল ৯ টায় জেলা প্রকাশকের কার্যালয়ে হাজির হয় জামায়াত নেতাকর্মীরা। সকাল ৯ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তার নির্বাচনী এলাকা ডুমুরিয়া-ফুলতলা খুলনা-৫ আসন। এর পর তার উপস্থিতিতে একে একে খুলনা-২ আসনের জামায়াত প্রার্থী এড. জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৪ আসনের জামায়াত প্রার্থী মোঃ কবিরুল ইসলাম, খুলনা-৬ আসনের জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ ও খুলনা-১ আসনের জামায়াত প্রার্থী ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি কৃষ্ণ নন্দী মনোননয়ন দাখিল করেন। বেলা ১১ টা ৪৫ মিনিটে খুলনা-৫ আসনের বিএনপি প্রার্থী বিসিবির সাবেক সভাপতি আলি আসগর লবি, বেলা ১২ টায় খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নগর বিএনপির সাবেক আহবায়ক মোঃ নজরুল ইসলাম মঞ্জু, সাড়ে ১২ টায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারি হেলাল, বেলা ১ টায় খুলনা-১ আসনের বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাবেক আহবায়ক আমির এজাজ খান, বেলা ২ টায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ আসনের বিএনপি প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী মনোনয়ন দাখিল করেন। এদিকে বেলা ১১ টায় আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ে খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং ১১ টা ৪৫ মিনিটে খুলনা-৩ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহাফুজুর রহমান মনোনয়ন দাখিল করেন। এছাড়াও খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ মনোনয়ন পত্র দাখিল করেন।
উল্লেখ্য, খুলনার ৬ টি সংসদীয় আসনে এ পর্যন্ত ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র গ্রহণ করেছেন। এর মধ্যে রবিবার ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ সোমবার বিকেল ৫ টার মধ্যে সকল প্রার্থীর মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়।
জেলা প্রশাসক ও খুলনা-১, ২, ৪, ৫ ও ৬ আসনের রিটার্নিং অফিসার আ স ম জামসদে খোন্দকার এর অফিস সুত্রে জানা গেছে, গত রবিবার খুলনা-১ আসন থেকে সম্মিলিত জাতীয় জোটের অর্ন্তগত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনিল শুভ রায় ও জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এর কাছে গত রবিবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল আওয়াল।
খুলনা অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা রাজু আহমেদ জানান, এ পর্যন্ত মোট ৫৩ জন মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে খুলনা-১ এ ১২ জন, খুলনা-২ এ ৫ জন, খুলনা-৩ এ ১৪ জন, খুলনা-৪ এ ৭ জন, খুলনা-৫ এ ৯ জন এবং খুলনা-৬ এ ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। আজ সোমবার বিকেল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র জমা দানের শেষ সময়।