প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম (ভিজিট : ১৬০)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর হাতে তাঁর মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর, সোমবারই ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নির্বাচন কার্যালয় এলাকায় বেশ ব্যস্ততা লক্ষ্য করা যায়। বিশেষ করে আমীর খসরু মাহমুদ চৌধুরীর মনোনয়ন দাখিলকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান এবং চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এ সময় নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদারের কথা জানান।