প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম (ভিজিট : ৪৭)

X
বিপুল উৎসাহ আর দোয়া পরিচালনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার বগুড়ার দুটি সংসদীয় আসনে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া- ৭ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া -৬ সদর আসনে প্রার্থী হয়েছেন।
দলের সিনিয়র নেতারা এসব মনোনয়নপত্র জমা দেন। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বগুড়ার ভোটাররা বিপুল ভোটে বিএনপির শীর্ষ দুই নেতাকে বিজয়ী করবেন।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলের সিনিয়র নেতারা। তারা স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
অন্যদিকে, বাদ জোহর বগুড়ার সেন্ট্রাল মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে বিএনপি নেতারা।
বিএনপি নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের সব বিধি মেনে আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তারা বলেন, বগুড়ার দুটি আসনেই দলের শীর্ষ দুই নেতার প্রার্থিতা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।