প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:২২ পিএম (ভিজিট : ৬৮)

X
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশের একমাত্র উৎপাদনশীল এই পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি (জার্মানিয়া-ট্রাস্ট কনসোর্টিয়াম)-এর উদ্যোগে কর্মসূচিটি পালিত হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জিটিসির চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজি, জেনারেল ম্যানেজার জাবেদ সিদ্দিকি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারি ঘোষণার আলোকে তিন দিনের শোক এবং বুধবার এক দিনের ছুটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। এতে জিটিসির কর্মকর্তা-কর্মচারীসহ খনির বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. দিদারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।