খালেদা জিয়ার জানাজায় সংসদ ভবন এলাকায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর

2025-12-31T10:12:14+00:00
2025-12-31T10:45:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার জানাজায় সংসদ ভবন এলাকায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম  আপডেট: ৩১.১২.২০২৫ ১০:৪৫ এএম  (ভিজিট : ৪৭)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা এবং তার জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নেমেছে। 

এদিকে, খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার। জানাজা উপলক্ষে আজ সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, বুধবার জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বদলে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত রাজনীতিকরা উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার দাফন নির্বিঘ্নে শেষ করার জন্য জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত সেখানে জনসাধারণের চলাচল সীমিত রাখা হবে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ ছাড়া আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়ার জন্য একটি নির্ধারিত রুট ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান-২ এলাকার বাসভবন ফিরোজায় নেওয়া হবে।

এরপর সেখান থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বাঁয়ে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ পৌঁছানো হবে।





  বিষয়:   খালেদা জিয়া  জানাজা  সংসদ ভবন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy