প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৪ এএম আপডেট: ৩১.১২.২০২৫ ১০:৪৫ এএম (ভিজিট : ৪৪)

X
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ মাঠ, বাইরের এলাকা এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন এবং জানাজায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর সমন্বিতভাবে প্রস্তুতি সম্পন্ন করছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলোতেও সাধারণ মানুষের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিদেশি অতিথি, কূটনীতিক এবং বিএনপির মনোনীত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।