বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের সামনে আজ বুধবার জোহর নামাজের পর অনুষ্ঠিত হবে। তার দাফন অনুষ্ঠানে অংশ নিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা ঢাকায় আসছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, দক্ষিণ এশিয়ার অন্তত সাতটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নেবেন।
মঙ্গলবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মঙ্গলবার সন্ধ্যায় মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানান, খালেদা জিয়ার শেষ বিদায়ে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে জানানো হয়েছিল, ইসহাক দার নিজেই শেষ বিদায়ে অংশ নিতে ঢাকায় আসবেন। তবে সর্বশেষ তথ্যে তিনি নিজে না এসে স্পিকারকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান।
নেপালের সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমদও খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নিতে ঢাকায় আসবেন।
উল্লেখ্য, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন।
আজ বুধবার জোহর নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে।