প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম (ভিজিট : ১৭৬)

X
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ আন নজির ইসলামিক সেন্টার।
মঙ্গলবার জোহরের নামাজের পর আন নজির ইসলামিক সেন্টারের জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা ইসমাইলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন নজির ইসলামিক সেন্টারের শিক্ষা পরিচালক হাফেজ মুফতি রিদওয়ানুল হক, মাস্টার ইস্কান্দর, মাওলানা কবির উদ্দীনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার মুসল্লিরা।
অনুষ্ঠানে আন নজির ইসলামিক সেন্টারের পরিচালক ড. আল্লামা শাইখ হারুন আজিজি বলেন, “দেশ একজন আপসহীন নেত্রীকে হারিয়েছে। তিনি শুধু আপসহীনই নন, ইসলামী মূল্যবোধসম্পন্ন একজন সরকারপ্রধান ছিলেন। তাঁর শাসনামলে কোনো আলেম নির্যাতনের শিকার হননি; বরং আলেম-ওলামাদের যথাযথ সম্মান দেওয়া হয়েছে।”
তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
খতমে কোরআন শেষে দেশনেত্রী খালেদা জিয়া, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন নজির ইসলামিক সেন্টারের শিক্ষা পরিচালক মাওলানা মুফতি রিদওয়ানুল হক।