
X
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে ব্যক্তিগত ও পারিবারিক নানা কাজে সময় চলে যাওয়ায় অনেকেরই অবকাশ যাপনের সুযোগ হয়ে ওঠে না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিললে ভ্রমণ বা অন্যান্য পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়।
এবার এমন সুযোগের অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে সুখবর।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে কার্যকর সরকারি ছুটি দাঁড়াচ্ছে ১৯ দিন।
এ ছাড়া ধর্মীয় পর্বভিত্তিক ছুটির হিসাবে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পাঁচ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয় দিন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য আট দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।
নিচে মাসভিত্তিক ২০২৬ সালে টানা ছুটির সম্ভাব্য সুযোগগুলো তুলে ধরা হলো:
ফেব্রুয়ারি
চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশ অনুযায়ী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাতের ছুটি নির্ধারিত রয়েছে, যা বুধবার পড়তে পারে। এ ক্ষেত্রে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিন ছুটি নিলে ৬ ও ৭ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
মার্চ
মার্চ মাসে অল্প ছুটি ম্যানেজ করেই মিলবে দীর্ঘ অবকাশের সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট পাঁচ দিনের অবকাশ তৈরি হবে।
এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি নির্ধারিত রয়েছে। এ সময় ১৮ মার্চ এক দিন ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
আর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে ২৫ মার্চ (বুধবার) বা ২৯ মার্চ (রোববার) এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। এমনকি কোনো ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের বিরতি।
এপ্রিল
এপ্রিল মাসে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ রয়েছে। ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সাধারণ ছুটি। এর মাঝে ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।
মে
মে মাসে সবচেয়ে দীর্ঘ অবকাশের সুযোগ থাকছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এর আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি ও ঈদের ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা যাবে।
আগস্ট
আগস্ট মাসে দুই দফায় টানা চার দিনের ছুটির সুযোগ রয়েছে।
৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি থাকবে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিন ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। এ ক্ষেত্রে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিন ছুটি নিলেই ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।
অক্টোবর
অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার নবমীতে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর সাধারণ ছুটি রয়েছে। এ ক্ষেত্রে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।
ডিসেম্বর
বছরের শেষ মাস ডিসেম্বরেও টানা চার দিনের ছুটির সুযোগ রয়েছে। ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবসের সাধারণ ছুটি থাকায়, ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক দিন ছুটি নিলে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।