প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:০৪ পিএম (ভিজিট : ১৫৯)

X
নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। শপথ গ্রহণের সময় তিনি কুরআনে হাত রেখে শপথ পাঠ করেন, যা নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম। এর আগে কোনো মেয়র কুরআনে হাত রেখে শপথ নেননি।
শপথ অনুষ্ঠানে মামদানি দুটি কুরআনে হাত রাখেন। এর একটি তাঁর দাদার ব্যক্তিগত কুরআন এবং অন্যটি একটি পকেট-আকারের প্রাচীন কুরআন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে। এ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী রামা দুওয়াজি।
সাধারণত নিউইয়র্ক সিটির মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। তবুও কুরআনে হাত রেখে শপথ নেওয়ার মাধ্যমে মামদানি শহরের ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। একই সঙ্গে তিনি প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি, যিনি এই পদে অধিষ্ঠিত হলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
নির্বাচনী প্রচারণায় মামদানি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট এবং সাধারণ মানুষের ওপর আর্থিক চাপের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেন। পাশাপাশি নিজের মুসলিম পরিচয় নিয়েও তিনি ছিলেন স্পষ্ট ও আত্মবিশ্বাসী। নিয়মিত প্রচারণার মাধ্যমে তিনি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তোলেন।
শপথ গ্রহণে ব্যবহৃত প্রাচীন কুরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহের অংশ। বিশেষজ্ঞদের মতে, এটি ১৮শ শতকের শেষভাগ অথবা ১৯শ শতকের শুরুর দিকের অটোমান আমলের পান্ডুলিপি। ধারণা করা হয়, বর্তমান সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিনি ভূখণ্ড বা জর্ডানের কোনো অঞ্চলে এটি তৈরি হয়েছিল।
কুরআনে হাত রেখে শপথ নেওয়ার সিদ্ধান্তে কিছু রক্ষণশীল মহল সমালোচনা করলেও সমর্থকদের মতে, এটি নিউইয়র্ক সিটির বহুসাংস্কৃতিক ও বহুধর্মীয় পরিচয়ের প্রতিফলন। শপথ গ্রহণের পর প্রাচীন কুরআনটি জনসাধারণের জন্য নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে প্রদর্শনের জন্য রাখা হবে।