প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ১:০৬ পিএম (ভিজিট : ২২৭)

X
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য। বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বলে জানানো হয়েছে।
গোহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, “সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনায় বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি তারা খেলোয়াড় বদল করতে চায়, তবে বিসিসিআই সেই অনুমতি দেবে।”
ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজুর রহমানের চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে ২০২৬ আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয়রা। ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর এর আগে এএনআইকে বলেন, “কেকেআরের শীর্ষ কর্মকর্তাদের উচিত মোস্তাফিজুর রহমানকে দল থেকে সরিয়ে দেওয়া।”
এদিকে, ভারতের বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে কেনার জন্য শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করেছেন। গত মাসে আইপিএল নিলামে সাতজন বাংলাদেশি খেলোয়াড়ের নাম ছিল, কিন্তু কেবল মোস্তাফিজই দল পেয়েছিলেন। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কেনে, যা আইপিএলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ দাম।
এদিকে, এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, তারা মোস্তাফিজের বিষয়ে সরকারের নির্দেশনার অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।